হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ নজরদারিতে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪ পিস ভেপ এবং ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফট বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আগত সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ‘ইকে৫৮৪’ ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি ও ইনভেন্টরি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার ‘একে৭১’ ফ্লাইটের যাত্রী শিপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪ পিস ভেপ আটক করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
অন্যদিকে, গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ‘বিএস৩২৬’ ফ্লাইটের যাত্রী কেএম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮ পিস মোবাইল ডিসপ্লে এবং একই ফ্লাইটের আরেক যাত্রী শামিমা আকতারের কাছ থেকে আরও ৪৬ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়। ফলে ওই দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে।
একই দিনে বিভিন্ন আন্তর্জাতিক রুটে এ ধরনের পণ্য বহনের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এবং এর নেপথ্যে কারা জড়িত; এসব বিষয়ও খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।