পুষ্টি উপাদানের ঘাটতিতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে দেশের কৃষিজমি। কমছে মাটির উর্বরতা, বাড়ছে অনুর্বর জমির পরিমাণ। সরকারি এক গবেষণায় দেখা গেছে এসব তথ্য। তথ্য বলছে, দেশের মোট ভূমির প্রায় ৭৫ শতাংশই উর্বরতার ঘাটতিতে ভুগছে। সময়ের সঙ্গে এ সংকট আরও গভীর হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা।
এই যেমন ৩০ বছর ধরে চাষাবাদ করছেন নীলফামারী সদর উপজেলার কুখাপাড়ার পাটুরীপাড়া গ্রামের কৃষক স্বাধীন ইসলাম। একসময় গোবর সার ব্যবহার করেই ধান, আলু, গম ও সরিষাসহ বিভিন্ন ফসল চাষ করতেন। বাড়িতে গরু থাকায় সেখান থেকে পাওয়া গোবর দিয়ে ১৮ থেকে ২০ বিঘা জমিতে ফসল ফলাতেন। এতে ফসলের ফলনও ভালো হতো। তিনি বলেন, আগে রাসায়নিক সারের ব্যবহার তুলনামূলক কম ছিল। তিনি নিজেও রাসায়নিক সার ব্যবহার করতেন না। গরুর গোবর দিয়েই জমিতে সার প্রয়োগ করতেন। তাতেই জমিতে ভালো ফসল উৎপাদন করা সম্ভব হতো। স্বাধীন বলেন, ২০১০ সালের পর থেকে মানুষের খাদ্যের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষিজমিতে চাষাবাদ বেড়ে যায়। অধিক ফসল উৎপাদনের আশায় কৃষকেরা রাসায়নিক সার ব্যবহার বাড়িয়ে দেয়। তবে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের কারনে জমির উর্বরতা কমে যাচ্ছে। এতে ফসলের উৎপাদন ও ফলনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মনছের আলী বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে জমিতে পোকার আক্রমণও বাড়ছে। ধানগাছ দেখতে মোটাতাজা ও সবুজ হলেও আশানুরূপ ধান পাওয়া যাচ্ছে না। স্থানীয় কৃষকেরা স্বর্ণা-৫, ব্রি-১, ধান-৭৫, লাল গুটি ও ১০৩ জাতের ধান চাষ করেন। কিন্তু এসব জাতের ধান আবাদ করেও আগের মতো ভালো ফলন পাচ্ছেন না তাঁরা। তাই জমির উর্বরতা ধরে রাখতে জৈব সার ও গোবর সারের ব্যবহার বাড়ানোর পাশাপাশি রাসায়নিক সারের সঠিক প্রয়োগ নিশ্চিত করা গেলে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব বলে মনে করছেন তিনি। তার মতো আরও অনেক কৃষক আছেন। যারা ৩০ থেকে ৩৫ বছর ধরে আবাদ করে আসছেন। তারা বলছেন, সময়ের ব্যবধানে পাল্টে গেছে চাষাবাদের ধরন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে ফলে আবাদে দেখা দিচ্ছে মহাবিপদ। যা মানুষের জন্য হুমকি স্বরূপ। তবে এই জলবায়ুর সাথে পাল্লা দিতে না পারলে এক সময় হয়তো চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে কৃষকেরা। বিশেষজ্ঞরা বলছেন, মাটির উর্বরতা কমে যাওয়ায় কাঙ্খিত ফলন পেতে কৃষকরা ক্রমেই রাসায়নিক সার ও কীটনাশকের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন। এতে এসব রাসায়নিকের ক্ষতিকর অবশিষ্টাংশ বৃষ্টির পানি ও বন্যার মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে মানুষের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।
নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে বিভিন্ন পশু-পাখি মারা যেতে পারে। পাশাপাশি সাপ, ব্যাঙ ও মাছসহ নানা জলজ প্রাণীও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব রাসায়নিকের নির্গত গ্যাস মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর বলে মনে করছেন তিনি। এদিকে কৃষিজমির উর্বরতা বজায় রাখতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, বোরন ও জিংকের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পর্যাপ্ত উপস্থিতি জরুরি। এসবের যেকোনো একটি ঘাটতি দেখা দিলে কমতে পারে ফসলের উৎপাদন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা: হোমায়রা মন্ডল বলেন, কৃষকদের একটা ভ্রান্ত ধারণা আছে যে, তারা মনে করে জমিতে বেশি সার দিলে বেশি ফসল হয়। তারা মাটির স্বাস্থ্যের কথা চিন্তা করেনা। যখন জমিতে অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করে তখন জমিতে অ্যাসিটিক হয়ে যায়। গাছ পরিমাণ মতো তার উপাদান নিতে পারেনা। এজন্য দরকার জৈব সার। তিনি বলেন, একটা আর্দশ মাটির জন্য দরকার ৫ শতাংশ জৈব সার। এ অঞ্চল ছাড়াও অন্যান্য অঞ্চলেও ১ শতাংশের নিচে রয়েছে জৈব নার। আমরা জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছি। পাশাপাশি যেসব দোকানে রাসায়নিক সার বিক্রি করা হচ্ছে, সেসব দোকানে জৈব সার বিক্রির জন্য পরামর্শ দেয়া হচ্ছে। জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের বিষয়ে হোমায়রা মন্ডল বলেন, দোকানদারা চাইবেন তাদের কীটনাশক বেশি বিক্রি হউক। কিন্তু কৃষকরা না বুঝে সেই কীটনাশক কিনে জমিতে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করছে। এর ফলে মানুষের শরীরে নানা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিশুরা। এদিকে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, ২০০০ সালে দেশে পুষ্টি ঘাটতিযুক্ত কৃষিজমির পরিমাণ ছিল ১ কোটি ১০ লাখ হেক্টর। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১১ লাখ হেক্টরে। এসব জমির মধ্যে ২৮ দশমিক ৮ শতাংশ (প্রায় ৪২ লাখ ৫০ হাজার হেক্টর) পুষ্টি উপাদানের গুরুতর ঘাটতি রয়েছে। পুষ্টি উপাদানভিত্তিক বিশ্লেষণ সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে জিংকে, যা ৫৪ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া ফসফরাসে ৫৩ দশমিক ১ শতাংশ, সালফারে ৫১ দশমিক ৮ শতাংশ, বোরনে প্রায় ৫০ শতাংশ এবং পটাশিয়ামে ৪৫ দশমিক ৩ শতাংশ ঘাটতি রয়েছে। কৃষিজমির উর্বরতা রক্ষায় মাটির স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় মাটির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন ও কৃষি ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।