ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে এক বিসিআইসি খুচরা ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উচাখিলা বাজারের ভাই ভাই ট্রেডার্সে অভিযান চালায়। এ সময় খুচরা ডিলার নুর এ আলমের দোকান থেকে ৩৯১ বস্তা ইউরিয়া, ১৬০ বস্তা ডিএপি এবং ৮৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে নুর এ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় শ্যামল চন্দ্র সাহা নামে অপর এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।