শীতকালীন সবজি শিম এখন পাওয়া যাচ্ছে গ্রীষ্মের মৌসুমেও। জয়পুরহাটের পাঁচবিবি পৌর বাজারে উঠেছে গ্রীষ্মকালীন শিম। অসময়ের এই সবজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৬০ টাকা কেজি দরে। মৌসুমের বাইরে শিম বাজারে পাওয়ায় ক্রেতাদের মধ্যেও দেখা গেছে আগ্রহ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পাঁচবিবি পৌর বাজার ঘুরে দেখা যায়,অধিকাংশ সবজির দোকানেই সাজিয়ে রাখা হয়েছে গ্রীষ্মকালীন শিম। খুচরা ব্যবসায়ীরা কেজিপ্রতি ১৬০ টাকা দরে শিম বিক্রি করছেন। আর পাইকারি বাজারে এই সবজি বিক্রি হচ্ছে প্রায় ১৪০ টাকা কেজি দরে।
বাজারে সবজি কিনতে আসা এক নারী বলেন, সবজি কিনতে এসে শিম চোখে পড়ল। অসময়ের শিম এখন বাজারে পাওয়া যাচ্ছে। তাই ৪০ টাকা দিয়ে এক পোয়া শিম কিনেছি।
আরেক ক্রেতা বলেন, দুই দিন আগে বাজারে এসে নতুন শিম উঠতে দেখি। সেদিন কিনে খেয়েছিলাম। খেতে বেশ সুস্বাদু লেগেছে। তাই আজ আবার এক পোয়া শিম কিনলাম।
পাঁচবিবি বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, আমরা পাইকারদের কাছ থেকে ১৪০ টাকা কেজি দরে শিম কিনেছি। বর্তমানে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। অসময়ের সবজি হওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশ ভালো।
ব্যবসায়ীরা আরও জানান, শীতকালীন সবজি হিসেবে পরিচিত শিম গ্রীষ্ম মৌসুমে বাজারে আসায় অনেক ক্রেতাই কৌতূহল নিয়ে কিনছেন। দাম তুলনামূলক বেশি হলেও স্বাদ নিতে অনেকেই অল্প পরিমাণে শিম কিনছেন।