ঝিনাইদহ জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠন করা হয়। সাইবার সেলের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সংঘটিত অপরাধ দমন, ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ এর সদস্যরা গত ০১/০৮/২০২৬ তারিখ হতে অদ্য পর্যন্ত মহেশপুরের আলোচিত নিঝুম অপহরণের রহস্য উন্মোচন, কালিগঞ্জ ও কোটচাঁদপুর দস্যুতা মামলার ০৪ জন আসামীকে গ্রেফতার, দস্যুতায় দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার, ঝিনাইদহ সদর থানা ও কালিগঞ্জ থানার অপহরণ মামলার ০২ জন ভিকটিম উদ্ধার ও ০২ জন আসামী গ্রেফতার, গাজীপুরের ল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যান চায়নিজ নাগরিকের ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল আসামীকে গ্রেফতার ও ৮৭ লক্ষ টাকা উদ্ধার, কোটচাঁদপুর হতে অজ্ঞান করে কলেজ শিক্ষিকার থেকে ছিনতাই এর ঘটনায় অজ্ঞান পার্টির ০২ আসামীকে গ্রেফতার, ঝিনাইদহে আলোচিত অর্পিতা আত্মহত্যার প্ররোচনার মামলায় আসামী গ্রেফতার সহ অত্র জেলার থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৪টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস(এমএফএস) এর মাধ্যমে ভুলবশত প্রেরণ হওয়া ৫৩,৪০৯/- টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে। এছাড়াও ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াইট’স অ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, ¯œ্যাপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিং এর শিকার ৪০ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান সহ জিডি মূলে নিখোঁজ হওয়া ০৮ জন ভিকটিম উদ্ধার করে সাইবার সেল।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে অদ্য ১৫/১০/২০২৬ তারিখ প্রকৃত প্রাপকের নিকট হস্তান্তর করেন মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ঝিনাইদহ। এ সময় উপস্থিত ছিলেন শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার ও ফোর্স বৃন্দ।
সে সময় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও অপপ্রচার একটি শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। সবাইকে সাইবার অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনাদের সচেতনতায় পারে একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়তে। অপরাধী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে ঝিনাইদহ জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।