দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে চাকরিতে
পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার
(১৫ অক্টোবর) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের
আয়োজনে খনির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের
(বিসিএমসিএল) চীনা ঠিকাদারের অধীনে ক্ষতিগ্রস্ত এলাকার ১৭১ জন শ্রমিককে
২০১৮ সালের ৮ জুন নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০২৬ সালের ১৬ জুন কোনো ধরনের
পূর্ব নোটিশ ছাড়াই শ্রম আইন না মেনে তাঁদের চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ
করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের এভাবে চাকরিচ্যুত করা শ্রম আইন ও প্রচলিত
বিধিবিধানের পরিপন্থী। তাই ক্ষতিগ্রস্ত এলাকার এসব ১৭১ জন শ্রমিককে
অবিলম্বে তাঁদের পূর্বের কর্মস্থলে পুনর্বহালের দাবি জানান তাঁরা।
এ সময় বক্তব্য দেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের
সহ-সাধারণ সম্পাদক লিটন, সদস্য সামিউল বাশার, শাকির উদ্দিনসহ সংগঠনের
অন্যান্য নেতাকর্মী।