নাটোরে হালতি বিলে রাতভর অভিযানে মাদক সেবনসহ নানা অপরাধে ৮ জনের দণ্ড

নাটোর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে পরিচালনা করা এক বিশেষ নৈশ অভিযানে মাদক সেবন, অবৈধ মাছ ধরা এবং শব্দদূষণের অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বুধবার(২ সেপ্টেম্বর) ভোর ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

​অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সিংড়ার বারোইহাটি গ্রামের মো. সেলিম (৪০) ও মো. সেন্টু প্রামাণিককে (৩০) ১০ দিন করে এবং মহেষচন্দ্রপুর গ্রামের মো. মিল্লাত (১৯), বারোইহাটির মো. রাকিব হোসেন (২৫) ও মো. স্বাধীনকে (১৯) ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধভাবে মাছ ধরার দায়ে বড়বারইহাটি গ্রামের মো. মহসিনকে (৬০) ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মো. চান্দুকে (৫৪) ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ভঙ্গের দায়ে নগরমাঝগ্রামের মো. সোহানকে (২১) ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

​অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

​সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, হালতি বিলের জলজ জীববৈচিত্র্য রক্ষা, পোনা মাছ নিধন রোধ এবং মাদক ও নানামুখী অপরাধ বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL