দেশে হাম-ডেঙ্গুতে প্রাণ গেল ১৫ জনের

এসএম দেলোয়ার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

★ হামে মৃত্যু বেড়ে ১১৭০, একদিনে আক্রান্ত ১০৭৪
★ ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩১৬, একদিনে আক্রান্ত ১৯৫৪

 

রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্রমেই দীর্ঘ হচ্ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে হাম ও হামের উপসর্গে এবং এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কেউ না কেউ নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। প্রনিনিয়তই হাম ও হামের উপসর্গের সঙ্গে সমানতালে চলছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই প্রাণঘাতী এ দুটি রোগে দীর্ঘ হচ্ছে লাশের সারি। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুর থাবায় ৬ শিশুসহ প্রাণ গেল আরও ১৫ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৬ শিশু ও ডেঙ্গুজ্বরে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৭০ জনে দাঁড়িয়েছে। এদের সবাই শিশু। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে ১০৭৪ জন। অপরদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গেুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু-বিষয়ক নিয়মিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন। এ সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে আক্রান্তদের মধ্যে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাম সন্দেহে মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১, খুলনা বিভাগে ২৩০, ময়মনসিংহ বিভাগে ৯৭, রাজশাহী বিভাগে ১৮৪, রংপুর বিভাগে ৭১ ও সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৪২ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, বরিশাল বিভাগে ২৬, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL