তিন যুগপূর্তিতে আবেগঘন পুনর্মিলনী: অবসরে প্রধান শিক্ষক সাহিদুল ইসলামকে মোটরসাইকেল উপহার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন যুগপূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলামের বিদায়ী সংবর্ধনা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা সম্মাননা স্মারক, একটি পালসার মোটরসাইকেলসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতার অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

শুক্রবার বিকেলে রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। তিন যুগের স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীর আবেগ আর পুনর্মিলনের আনন্দে দিনটি পরিণত হয় এক অনন্য আয়োজনে।

আয়োজক কমিটির সদস্য মোস্তাফিজার রহমান মণ্ডল (সাথী) জানান, প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম টানা ৩৬ বছর ৯ মাস ৮ দিন বিদ্যালয়টিতে দায়িত্ব পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টি রাজারহাট উপজেলায় একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৯৫ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে আসছে।

বিদায়ী প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়টি ১৯৮৮ সালে আরডিআরএসের ‘শিক্ষা নিলয়’ হিসেবে যাত্রা শুরু করে। তিনি ২৬ জানুয়ারি ১৯৯০ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে পরদিন যোগদান করেন। ১৯৯৫ সালে বিদ্যালয়টির নিবন্ধন সম্পন্ন হয় এবং ২০১৩ সালের ১ জানুয়ারি এটি সরকারি হয়। তিনি বিদ্যালয়ের জমিদাতা মরহুম রহমতুল্লাহর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সাবেক শিক্ষার্থী সেকেন্দার আলী লিমন বলেন, “স্যার আমাদের কাছে শুধু শিক্ষক নন, একজন অভিভাবক। তাঁর স্নেহ, ত্যাগ ও পরিশ্রমেই বিদ্যালয়টি আজকের অবস্থানে এসেছে।”

অনুষ্ঠানে শিক্ষক আহাম্মদ আলী মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, সাবেক শিক্ষার্থী ডা. মো. আব্দুস ছালামসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী আবুল কালাম আজাদ ও ফারুক হোসেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL