নওগাঁয় ছিনতাইয়ের ৮ ঘন্টার মধ্যে ৯ লাখ টাকা উদ্ধার, কৃষক দলের নেতাসহ আটক ৩

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:


নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মাত্র আট ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মহাদেবপুর উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন ও মুন্নাসহ তিনজনকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, পিকআপ ড্রাইভার উপজেলার ডিমজাউন গ্রামের সোহেল রানা, উপজেলার ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে ও কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন (২৮) ও উপজেলার রামচরনপুর দক্ষিণ পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)। 

সরেজমিনে গিয়ে জানা যায়, মহাদেবপুর উপজেলা সদরের পশ্চিম পার্শে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাসিন্দা আব্দুল আলিম ভাঙারি ব্যবসা করে। গতকাল আব্দুল আলিমের চাচাতো ভাই দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপ চালক সোহেল বগুড়া থেকে ভাঙ্গারি বিক্রি করে ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরের বাসায় আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে এলে হটাৎ করে ওই পিকআপটি নষ্ট হয়। এসময় ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেল নিয়ে গিয়ে তাদের মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে পথচারীরা এসে তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। 

এ ঘটনার সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ওই রাতেই মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে যৌথ টিম অভিযান শুরু করে। অভিযানে ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL