নওগাঁয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা

আহসান হাবীব শিপলু, নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নওগাঁজুড়ে বইছে উৎসবের আমেজ। জেলার ১১টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৮৩১টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকেরা। অন্যদিকে, উৎসব নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
দুর্গাপূজার দিন যত ঘনিয়ে আসছে, মণ্ডপে মণ্ডপে প্রতিমাশিল্পীদের ব্যস্ততাও তত বাড়ছে। শিল্পীদের নিপুণ হাতে মাটির কাঠামো পেরিয়ে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। অধিকাংশ মণ্ডপে মাটির কাজ শেষ করে চলছে রঙের প্রলেপ, নকশা ও অলংকরণের কাজ।

প্রতিমাশিল্পীরা জানান, মহাষষ্ঠীর আগেই প্রতিটি প্রতিমার কাজ সম্পন্ন করে মণ্ডপ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে তাঁরা দিন-রাত পরিশ্রম করছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে।

মণ্ডপ সাজসজ্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রতিমা তৈরির পাশাপাশি পূজামণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা, তোরণ নির্মাণ ও প্যান্ডেল তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে। উৎসবকে আনন্দঘন ও বর্ণিল করে তুলতে আয়োজকেরা নিচ্ছেন নানা প্রস্তুতি।

জেলা পূজা উদযাপন পরিষদ ও কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে পূজার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদী।

নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা
দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান ও পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।

পুলিশ প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, নওগাঁ জেলা পুলিশের সহস্রাধিক সদস্য সার্বক্ষণিক টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে থাকবেন ১৫ হাজারের বেশি আনসার সদস্য। গোয়েন্দা নজরদারি জোরদার করতে মাঠে সক্রিয় থাকবে ডিএসবি, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সম্প্রীতি ও উৎসবের অপেক্ষায় নওগাঁবাসী
দুর্গাপূজাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ এবং মণ্ডপ সাজানোর ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।

সব ধরনের শঙ্কা ও উদ্বেগ পেছনে ফেলে আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে—এমন প্রত্যাশা জেলার সনাতন ধর্মাবলম্বীদের।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL