নওগাঁয় মালিকবিহীন ৪০ কেজি ৩০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও টাস্কফোর্সের সদস্যরা। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের বষাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩০ হাজার টাকা। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুডেন্ট বিজিডিও-২৬৬ এডি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। টাস্কফোর্স দলে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্ত বর্মন, পুলিশের এসআই মো. হারুন এবং বিজিবির বিশেষ টহলদল। উদ্ধার করা মূর্তি দুটির মধ্যে প্রথমটি ২৮ কেজি ১৫০ গ্রাম এবং দ্বিতীয়টি ১২ কেজি ১৫০ গ্রাম ওজনের। মূর্তি দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মূর্তি দুটি বর্তমানে নওগাঁ ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়নের এডি মো. দেলোয়ার হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, মূর্তি দুটি দীর্ঘদিন ধরে চোরাচালানকারী চক্রের হাতে ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিজিবি ও পুলিশ একসাথে তদন্ত চালিয়ে মূল চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে।