কক্সবাজারে পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবন কেটে ফেলার অভিযোগ উঠেছে। হোটেল-মোটেল জোনের সংলগ্ন এলাকা, শৈবাল পয়েন্ট, পর্যটন করপোরেশনের গলফ মাঠসংলগ্ন এলাকা ও কবিতা চত্বর এলাকায় ঝাউগাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে এসব গাছ কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৮ নভেম্বর) বেলার পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আটটি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে এ বিষয়ে লিখিত আবেদন পাঠানো হয়েছে।
বেলার আইনজীবী ও সংগঠনটির পক্ষে পাঠানো চিঠিতে বলা হয়, কক্সবাজারের সমুদ্রসৈকত ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বিদ্যমান ঝাউবন প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। উপকূলীয় বালুক্ষয় রোধ, ভূমির স্থিতিশীলতা বজায় রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত মোকাবিলায় ঝাউবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন পরিবেশ সংরক্ষণেও এসব বনাঞ্চলের গুরুত্ব অপরিসীম।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবন কেটে ফেলার বিষয়টি জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, হোটেল-মোটেল জোনসংলগ্ন এলাকা, শৈবাল পয়েন্ট, পর্যটন করপোরেশনের গলফ মাঠসংলগ্ন স্থান এবং কবিতা চত্বর এলাকায় ঝাউগাছ কাটা হচ্ছে। ইতোমধ্যে কর্তিত গাছের গোড়া পড়ে থাকতে এবং কেটে রাখা গাছের সারি দেখা গেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
বেলার মতে, উপকূলীয় ঝাউবন শুধু পর্যটন এলাকার সৌন্দর্যবর্ধনের উপাদান নয়; এটি উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থার অংশ। এ ধরনের বনাঞ্চলে নির্বিচারে গাছ কাটলে গাছের শিকড় ও মাটির স্তর ক্ষতিগ্রস্ত হয়। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে দীর্ঘমেয়াদে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি হতে পারে। ফলে পর্যটন উন্নয়ন কিংবা কোনো উৎসব আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার পরিবেশগত বৈশিষ্ট্য, প্রযোজ্য আইন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা জরুরি।
চিঠিতে বাংলাদেশের সংবিধানের ১৮ক অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলা হয়, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে।
এ ছাড়া ২০২৬ সালে প্রণীত বন ও বৃক্ষ সংরক্ষণ আইন এবং ২০২৫ সালে প্রণীত জাতীয় বননীতির বিভিন্ন বিধান ও নির্দেশনার বিষয়ও তুলে ধরে বেলা। সংগঠনটির দাবি, বনভূমি ও বৃক্ষ সংরক্ষণে বিদ্যমান আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
বেলার চিঠিতে আরও বলা হয়, ২০২৫ সালের জাতীয় বননীতিতে উপকূলীয় বন রক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী সৃষ্টি, নতুন জেগে ওঠা চর ও অনাবাদী জমিতে বন সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ পর্যটন আয়োজনের নামে উপকূলীয় ঝাউবন ধ্বংসের ঘটনা এসব নীতিগত লক্ষ্য ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক।
এ অবস্থায় পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবন কাটা অবিলম্বে বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বেলা। একই সঙ্গে ঝাউবন ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রচলিত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা, ঝাউবন ধ্বংস করে গৃহীত সব কার্যক্রম বাতিল এবং ইতোমধ্যে কেটে ফেলা গাছের পরিমাণ নিরূপণ করে কার্যকর ক্ষতিপূরণমূলক বনায়নের মাধ্যমে ঝাউবন পুনরুদ্ধারের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
চিঠিতে স্বাক্ষর করেছেন বেলার আইনজীবী এস. হাসানুল বান্না। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমের জন্য চিঠির অনুলিপি সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে।