নওগাঁর বদলগাছীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। গত ১১ সেপ্টেম্বর উপজেলার ভান্ডারপুর বাজারে চারমাতা মসজিদ সংলগ্ন এলাকায় ভোররাতে অসুস্থ গরু জবাই করে সিএনজিতে এনে সকালে মাংস বিক্রি শুরু করা হয়। সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু জবাইয়ের জন্য আধুনিক শেড নির্মাণ করে দিলেও কসাইরা সেখানে জবাই না করে অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্রভাবে পশু জবাই করে আসছেন, প্রশাসনকে তোয়াক্কা না করেই।
এলাকাবাসী জানান, ১১ তারিখ ভোররাতে সিএনজি করে জবাই করা গরুর মাংস এনে বিক্রি শুরু করার কিছুক্ষণ পরই মাংসে পচন ধরে। এ বিষয়ে ভান্ডারপুর বাজারের সচেতন মহল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর ১৪ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ২২ সেপ্টেম্বর সরেজমিনে তদন্ত সম্পন্ন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, ইতিপূর্বে চকবোয়ালী গ্রামের ভাদু কসাইয়ের ছেলে সোহেল রানা অসুস্থ ও কমবয়সী গরু জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ভোগ করেছেন। এছাড়া পারসোমবাড়ী বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির দায়ে আমিনুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বর্তমান অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।