ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ীস্থ স্কয়ার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে পার্কিং করা মীর এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানে পার্কিং করা ঢাকা-মেট্রো-ব-১৪-৮১১৩ নম্বরের বাসে আগুন লাগে। পরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকান্ডে বাসের বসার সিট, বর্ণাট সিট ও জানালার কাচ পুড়ে ও ভেঙ্গে যায়। বাসটির মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার মৃত শরাফত আলীর ছেলে শফিকুল ইসলাম।
তিনি জানান, ৬ মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তার প্রায় ২১ লাখ টাকার মতো ঋণ রয়েছে। তবে অগ্নিসংযোগের ফলে তার ওই বাসের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান তিনি।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, অগ্নিসংযোগের খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাদের দুটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিক ভাবে তাদের ধারণা অগ্নিসংযোগের ফলে ওই বাসের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।