রাজধানীর মালিবাগে আবুজর গিফারি কলেজের মাঠে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কলেজ মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে দুর্বৃত্তরা কলেজ মাঠে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো কলেজ মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই এর প্রতিবাদে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মিছিলের আহ্বান জানান কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মী মো. আকাশ, শাকিল মেগদা, এনায়েত খান, আবু সাঈদ ও রাফাতসহ অন্যান্যরা।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল কর্মী মো. আকাশ বলেন, কলেজের কমনরুমে সহপাঠীদের সঙ্গে ক্যারাম খেলার সময় তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে দ্রুত ঘটনাস্থলের দিকে গিয়ে কলেজ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের বিষয়টি দেখতে পান।
তিনি এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মো. আকাশ আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা না করে যারা নিজেদের শক্তির বড়াই করেন, তাদের লুকিয়ে না থেকে সরাসরি মাঠে এসে নিজেদের শক্তি প্রমাণ করা উচিত।
এদিকে, কলেজ প্রাঙ্গণে এমন বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।