রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান রনি তালুকদার, এলাকাবাসীর সঙ্গে উঠান বৈঠক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার। নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরে স্থানীয়দের সমর্থন ও দোয়া কামনায় তিনি উঠান বৈঠক করেছেন।

 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ইউনিয়নের গোপালপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে রনি তালুকদার বলেন, সোনাখাড়া ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁর বাবা মরহুম আতাউর রহমান তালুকদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার অসমাপ্ত স্বপ্ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

 

তিনি আরও বলেন, তাঁর দাদা রায়গঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। পরিবারের সেই রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকতে চান তিনি।

 

আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়ে রনি তালুকদার বলেন, আগামী শুক্রবার বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়েই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আলহাজ সাইফুল ইসলাম জাহের আলী তালুকদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার শেখ।

 

সভায় প্রধান বক্তাদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নিমগাছী অনার্স কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার। এ ছাড়া বক্তব্য দেন লেবু তালুকদার, শরিফুল ইসলাম, নিপেন মাহাতো, প্রফুল্ল মাহাতো, আবু হোসেন, রফিক, রেজাউল করিম তালুকদার, রহিম, রমজান ও শাহাদত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তব্যে আমিনুল বারী তালুকদার বলেন, রনি তালুকদারের দাদা মরহুম মিজানুর রহমান তালুকদার ও বাবা মরহুম আতাউর রহমান তালুকদার দুজনই সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁদের দায়িত্ব পালনকালে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। তাঁদের ধারাবাহিকতায় রনি তালুকদারও ইউনিয়নের মানুষের জন্য কাজ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

 

সভাপতির বক্তব্যে আলহাজ সাইফুল ইসলাম জাহের আলী তালুকদার রনি তালুকদারের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL