লালমনিরহাট ও কুড়িগ্রামে ২১ কেজি গাঁজা, ৭২ বোতল ইস্কাপ ও মোটরসাইকেল জব্দ

লালমনিরহাট প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ২১ কেজি গাঁজা, ৭২ বোতল ইস্কাপ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে।

রোববার (৪ অক্টোবর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবির গোড়কমন্ডল ও বনচৌকি বিওপির টহলদল।

বিজিবি সূত্রে জানা যায়, রাত ১টা ১৫ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল শয়তানের মোড় এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারিরা বহন করা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন হাতীবান্ধার ভেলাগুড়ি এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনক এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দেয় বিজিবি। এ সময় ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৭২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও একটি এপাচি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ২১ কেজি গাঁজার সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা, ৭২ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL