নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী রোড শো সম্পন্ন হয়েছে। সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সোনারগাঁয়ের সব প্রত্নস্থল পরিদর্শন, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
শনিবার পানাম নগরীতে রোড-শোর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক লেখক ও গবেষক ড. আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী পারভীন সুলতানা ও পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিল আহমেদ।
রোড-শোতে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, যুগ্ম আহ্বায়ক কবি, সংগঠক রহমান মুজিব, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংগঠক মতিউর রহমান, লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন, লেখক সেলিম আহমেদ প্রধান, সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক, লেখক ও শিক্ষক আসমা আখতারী, লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার, লেখক ও সংগঠক শংকর প্রকাশ, লেখক মোফাখখার সাগর, লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী।
বক্তারা বলেন, সোনারগাঁয়ের ঐতিহাসিক নিদর্শনগুলোর পরিচিতি বাড়ানো, সংরক্ষণে নাগরিকদের সম্পৃক্ত করা এবং পুরাকীর্তি সংস্কার ও সংরক্ষণে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে জনমত গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
রোড শোতে ঐতিহাসিক মহজমপুর শাহী জামে মসজিদ, গোয়ালদী শাহী মসজিদ, প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, বিভিন্ন ঐতিহাসিক সেতু, মসজিদ, সমাধি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড় সরদারবাড়ি ও পানাম নগরীসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল পরিদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।