মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান-এর একটি বাণিজ্যিক বন্দর ও উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত ওমানের ভূখণ্ড বা জলসীমায় এটিই তেহরানের প্রথম সরাসরি হামলা বলে জানা গেছে।
রোববার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে হামলার শিকার হওয়ার পর ট্যাঙ্কারটি ডুবতে শুরু করে। এতে চারজন ক্রু আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করার সময় ট্যাঙ্কারটিতে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। বর্তমানে জাহাজটি ডুবন্ত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই ঘটনা ঘটেছে।
ওমানের সরকারি বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, পালাউয়ের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামের তেলবাহী ট্যাঙ্কারটি খাসাব বন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার।
মেরিটাইম সিকিউরিটি সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ট্যাঙ্কারটির ২০ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচজন ইরানি নাগরিক। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় চারজন ক্রু আহত হয়েছেন।
বিশ্ববাজারে সরবরাহকৃত মোট তেলের প্রায় এক-চতুর্থাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ওমান নিউজ এজেন্সি জানায়, দেশটির দুকুম বন্দর এলাকায় দুটি ড্রোন হামলা হয়েছে। একটি ড্রোন শ্রমিকদের আবাসিক এলাকায় আঘাত হানলে একজন বিদেশি কর্মী আহত হন। অন্য একটি ড্রোন জ্বালানি ট্যাংকের কাছে বিধ্বস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শু/সবা
























