প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গণভোট ইস্যুতে তীব্র সমালোচনা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম গণভোটের প্রচলন করেছিলেন, অথচ বর্তমান সরকার সেই ব্যবস্থার বিরোধিতা করছে। তার মতে, এর মাধ্যমে গণভোটের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক প্রক্রিয়াকেই অস্বীকার করা হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় ও জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন’ দাবির গণসমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সমালোচনাও করেন। তিনি বলেন, দলটি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে সংবিধান পরিবর্তনের কথা বলেছেন, সেই অবস্থান থেকেও বিএনপি পিছিয়ে পড়েছে। তার ভাষায়, এতে দলটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশে “পর্দার আড়ালের শাসন” চলছে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ নেই। প্রধানমন্ত্রী প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করা হয় এবং জুলাই মাসের ঘটনাকে অস্বীকার করা হয়, তাহলে ক্ষমতাসীনদের “আরেকটি ৩৬ জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি শহিদ উসমান হাদির প্রসঙ্গ তুলে ধরে তার হত্যার বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পূর্বপরিকল্পিত ছিল এবং জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।
সবশেষে তিনি একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং উসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
শু/সবা
























