যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার তেহরানে তার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে Agence France-Presse (এএফপি) জানায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় খারাজি ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে খারাজি নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
কামাল খারাজি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর পররাষ্ট্র উপদেষ্টা এবং স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেইন রিলেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে মোজতবা খামেনি। খারাজি তারও পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির উত্তেজনা চলছিল। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। প্রথম দিনেই খামেনিসহ ইরানের সামরিক ও প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন।
এর জবাবে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।
তেহরানের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৩৪০ জন।
সূত্র: এএফপি/আল আরাবিয়া
শু/সবা
























