জাপানের কাছে হেরে কাবাডির পদকও অনিশ্চিত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

নাগোয়া শহরের এক প্রান্তে তোকাই দরি ইনডোর স্টেডিয়াম। স্টেডিয়াম ঢুকতেই ‘নিপ্পন,নিপ্পন’ স্লোগান। কারও হাতে পতাকা আবার কারও গায়ে জাপানের জার্সি। কোর্টের বাইরে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টার যেন কমতি নেই।

কাবাডিতে জাপান বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল। বাংলাদেশ জাপানকে হারিয়ে আজই এশিয়ান গেমসে পদক নিশ্চিত করবে এমন প্রত্যাশা ছিল প্রায় সবারই। উল্টো জাপানের পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। রেইড এবং ডিফেন্স দুই ক্ষেত্রেই দারুণ দক্ষতা দেখিয়ে ৪০-৩৬ পয়েন্টে ম্যাচ জিতে নিলো জাপান। 

বাংলাদেশ স্বাগতিক জাপানের বিপক্ষে হেরে পদক নিয়ে শঙ্কায় পড়েছে। এই গ্রুপের টপ ফেভারিট ভারত। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয় অনুমেয়। চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। জাপান বাংলাদেশের বিপক্ষে জেতায় অন্য দলেরও বাংলাদেশের সমান দুই জয় হতে পারে। তখন পয়েন্টের ব্যবধানের হিসাব নিকাশে গ্রুপ রানার্স-আপ নিশ্চিত হবে।

খেলার শুরুতেই জাপান ২-৩ পয়েন্টের লিড নেয়। বাংলাদেশ অতিরিক্ত আত্মবিশ্বাস ও পদক প্রায় নিশ্চিত এই আচরণে স্বাভাবিক খেলা খেলতে পারেনি শুরুতে। অন্য দিকে জাপান ছিল অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে। বাংলাদেশকে অল আউট করে গুরুত্বপূর্ণ লোনা আদায় করে জাপান। প্রথমার্ধে জাপান ২২-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। 

বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান ভালো রেইডার হিসেবে স্বীকৃত। আজ তিনি একাধিকবার রেইড দিতে গিয়ে প্রতিপক্ষের কাছে ধরা খেয়ে পয়েন্ট দিয়েছেন। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ আবার অলআউট হয়ে যায়। দ্বিতীয়বার লোনা পেয়ে জাপান ১১ পয়েন্টের লিড পায় দ্রুততম সময়ে। জাপান কাবাডি খেলা নতুন শুরু করেও দারুণভাবে রপ্ত করেছে। দশ পয়েন্টের বেশি লিড থাকায় খেলায় দখল রাখার চেষ্টা করেছে। বাংলাদেশের জাতীয় খেলা হলেও কৌশল-পরিকল্পনায় ঘাটতি ছিল অনেক বেশি।

দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বাংলাদেশ জাপানকে অলআউট করে। তিন পয়েন্ট লোনা পেয়ে বাংলাদেশ ব্যবধান কমিয়ে ৩৪-২৮ করে। মিনিট তিনেক পর বাংলাদেশ ব্যবধান একে নামিয়ে আনে ৩৫-৩৪ এ। বাংলাদেশ খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে রিভিউ নেয়। বাংলাদেশি রেইডার কোর্টের বাইরে চলে যায় এবং জাপান দারুণ ট্যাকেল করে দুই পয়েন্ট পেয়ে ব্যবধান আবার চার করে। তখনই বাংলাদেশ আবার ম্যাচ থেকে দূরে সরে। 

খেলার শেষ তিন মিনিট আগেই দুই দলেরই রিভিউ শেষ হয়। জাপান শেষ দুই মিনিট বেশ সতর্কতার সাথে পার করে। বাংলাদেশ দ্বিতীয় শেষ রেইডে কোনো পয়েন্ট আদায় করতে পারেনি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL