ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান, কী ইঙ্গিত দিলেন শামা ওবায়েদ?

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আপাতত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি মন্তব্যে বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।’

শামা ওবায়েদের এই বক্তব্যের অর্থ দাঁড়াচ্ছে, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান এখনই নাকচ করা হচ্ছে না। একই সঙ্গে সফরটি নিশ্চিতও করা হয়নি। আগামী এক মাসে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতি এবং বাংলাদেশ-ভারত আলোচনার অগ্রগতির ওপর বিষয়টি নির্ভর করতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের অধিবেশন এবং বেশ কিছু সাংবিধানিক কার্যক্রম রয়েছে। এসব কারণে সরকার ও প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করছেন। তবে সবকিছু অনুকূলে থাকলে ভারত, জাপানসহ বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফর হতে পারে।

তিনি স্পষ্ট করে বলেন, এখনো কোনো বিদেশ সফর চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ভিত্তিতেই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গে শামা ওবায়েদ আরও বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠক হলে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো রয়েছে। তবে ভারতের মাটিতে একজন সাজাপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্যের বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের ঘটনাপ্রবাহ এখনো মানুষের মনে জাগ্রত এবং সেই জায়গা থেকে ভারতকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সব মিলিয়ে, ‘এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’—শামা ওবায়েদের এই মন্তব্যে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের সম্ভাবনা পুরোপুরি খারিজ না করার ইঙ্গিতই মিলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ-ভারত আলোচনা ও প্রধানমন্ত্রীর সময়সূচি স্পষ্ট হওয়া পর্যন্ত।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত