কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে শান্ত (১৬) নামে ঢাকার এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর সাগর থেকে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় বিচকর্মীরা।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, দুপুরে ইনানী সৈকত পয়েন্টে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিশেষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি মাদ্রাসার ১৬ জনের একটি প্রতিনিধি দল (শিক্ষক ও শিক্ষার্থী) কক্সবাজারে ভ্রমণে আসে। দুপুরে তারা উখিয়ার ইনানী সৈকতে বেড়াতে যান। সেখানে দলের নয়জন শিক্ষার্থী একসাথে সাগরে গোসল করতে নামে। এ সময় সাগরের প্রকাণ্ড ঢেউয়ের ধাক্কায় তারা সবাই পানির তোড়ে ভেসে যেতে থাকে।
তীর ও আশপাশে থাকা বিচকর্মী এবং স্থানীয়দের তৎপরতায় আটজন শিক্ষার্থী অলৌকিকভাবে জীবিত তীরে ফিরতে সক্ষম হলেও সাগরের গভীরে তলিয়ে যায় শান্ত।
সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, “নয়জন সাগরে ভেসে যাওয়ার খবর পাওয়ার পরপরই বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করি। সাগরে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালানোর পর ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, “নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও নিহতের স্বজনদের সাথে যোগাযোগের ব্যবস্থা চলছে।”