নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে অভিযান চালিয়ে ওই নেতাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাকিবুল হাসানকে গত ১০ সেপ্টেম্বর ভোরে উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে ছিলেন এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে যান। রাকিবুল হাসান স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।
প্রথম দফায় তাঁকে গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়—এমন অভিযোগের প্রেক্ষিতে এসআই অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাকিবুল হাসানকে প্রথম দফায় গ্রেপ্তারের সময় পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হওয়ায় এসআইকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনের সময় এসআইয়ের আরও সতর্ক থাকা উচিত ছিল।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে রাকিবুলকে পেয়ে ছেড়ে আসার অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছালে এসআইকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে ওই এসআই রাকিবুলকে আবার গ্রেপ্তার করেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং পুলিশের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।