নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কের একটি আমবাগানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বুধবার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সরাইগাছী-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দল সেখানে অভিযান চালালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে পরিচয় নিশ্চিত করে। উপস্থিত লোকজনের সামনে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করে খাকি রঙের টেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে গাঁজা নিয়ে পোরশায় আসেন। পরে আমবাগানের সামনে তা বিক্রির জন্য অবস্থান করছিলেন। গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL