বিএনপি নেতা ইসরাইল হোসেনের মৃত্যু, কালীগঞ্জে দুই দিনের শোক

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) আর নেই। ঢাকায় বেড়াতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম উপজেলার খামারমুন্দিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, আগের দিন তিনি ঢাকায় গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাসায় অবস্থান করছিলেন। রাত দুইটার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

ইসরাইল হোসেন কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

মরহুমের জানাজায় অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,ঝিনাইদহ সদর থানা বিএনপির সভাপতি কামাল আরাদ পান্নু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ডা. নুরুল ইসলাম, হাফিজুর রহমান,ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL