★ পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-বিএনপি অফিস ভাঙচুর
★ নিরাপত্তা জোরদার, আটক ৮, ১৫টি ককটেল উদ্ধার
গোপালগঞ্জে লগি-বৈঠার মিছিল, পুলিশ-বিক্ষোভকারী ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি অফিস ভাঙচুর এবং সড়ক ও মহাসড়ক অবরোধের ঘটনায় গোটা গোপালগঞ্জ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলাজুড়ে পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার, সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় লগি-বৈঠা নিয়ে জড়ো হন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তারা। এ সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়ে লগি-বৈঠার মিছিল বের করেন। একপর্যায়ে পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। মুহুর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের বিস্তির্ণ জনপদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও থমথমে অবস্থা তৈরি হয়।
দুপুরের দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে শহর অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর অংশ এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার অভ্যন্তরীণ সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার পুড়িয়ে দিনভর যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়।
এর আগে, গত সোমবার রাত থেকেই গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক, মুকসুদপুর কলেজ গেট, পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। পাশাপাশি শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করা হয় এবং কোটালীপাড়ায় মশাল মিছিল বের করা হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতা ও বিশৃঙ্খলার দায়ে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৭টি মোটরসাইকেল এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।