২০০ বছরের ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি মসজিদে নেই অজুখানা ও টয়লেট

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের নতুন দুলাল ব্যাপারী বাড়ি জামে মসজিদটি প্রায় ২০০ বছরের পুরোনো। দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ ও ইবাদত-বন্দেগির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও দীর্ঘদিনের সংস্কার ও উন্নয়ন কাজ না হওয়ায় বর্তমানে মসজিদটির অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক প্রজন্ম ধরে এলাকার মানুষ এই মসজিদে নামাজ আদায় করে আসছে। সময়ের সঙ্গে এলাকার জনসংখ্যা ও মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেলেও মসজিদের অবকাঠামোতে লাগেনি উন্নয়নের ছোঁয়া কিংবা হয়নি কোন সম্প্রসারণের কাজ । ফলে জুম্মার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চরম জায়গা সংকটে পড়তে হয় মুসল্লিদের। মসজিদটিতে বর্তমানে অজুখানা ও টয়লেটের ব্যবস্থা নেই। মুসল্লিদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে একটি আধুনিক অজুখানা ও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে মসজিদের সামনে থাকা পুকুরটি ভরাট করে নামাজের জায়গা সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া মসজিদের ঘরের চালও সংস্কার বা নতুন করে নির্মাণ করা প্রয়োজন। দীর্ঘদিনের পুরোনো স্থাপনার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মুসল্লিদের মধ্যে উদ্বেগ রয়েছে। বর্ষাকালে মসজিদের ভেতরে পানি পড়ার আশঙ্কাও তৈরি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মসজিদে নামাজ আদায় করতে আসা মকবুল হোসেন, তোফাজ্জল হক , মফিজল হক, আব্দুল খালেক, আসাদ মিয়া, লাল মিয়া, শামছুল হক ও  মসজিদ কমিটির সভাপতি নুরুল আলম ডাকুয়া বলেন, দেশ স্বাধীনের ৫৫ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত মসজিদটিতে সরকারি কোন অনুদান মেলেনি। এলাকার অধিকাংশ মানুষ আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নিজেদের অর্থে মসজিদের বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মসজিদটি সংস্কার ও সম্প্রসারণে সরকারি সহায়তার পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও দানশীল মানুষের সহযোগিতাও প্রয়োজন। এলাকাবাসী ও মুসল্লিগণ জাতীয় সংসদের ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমানের জরুরি সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা সংসদ সদস্য মাজেদুর রহমান উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে মসজিদটির জরুরি সংস্কার, ঘরের চাল নির্মাণ, অজুখানা ও টয়লেট স্থাপন, এবং মসজিদের সামনের পুকুর ভরাট করে নামাজের স্থান সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করবেন ।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL