বিএনপির শাসনামলে শেয়ারবাজারে লুটপাটের সুযোগ ছিল না এবং বর্তমান সময়েও কাউকে সে সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এদিন তিনি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’-এর ওপর বিশেষ কমিটির সুপারিশ বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন।
বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বক্তব্যে তিনি দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শক্তিশালী অর্থনীতির জন্য শেয়ারবাজার অন্যতম প্রধান ভিত্তি। তিনি অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ১৯৯৬ ও ২০১০ সালে বাজার ধসের ঘটনা বিনিয়োগকারীদের বড় ক্ষতির কারণ হয়েছিল। তার দাবি, গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে।
রুমিন ফারহানা বলেন, শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে হলে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং নিয়ন্ত্রক সংস্থায় দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে হবে।
জবাবে অর্থমন্ত্রী তার বক্তব্যের সঙ্গে আংশিক একমত পোষণ করলেও বিলটি পুনরায় জনমত যাচাইয়ের প্রয়োজন নেই বলে মত দেন। তিনি বলেন, বিশেষ কমিটি ইতোমধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করেছে। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।
একই অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নিয়োগ ও বিদায়ের ঘটনাগুলো গণতন্ত্রসম্মত নয় এবং যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে না বসালে দেশের অগ্রগতি সম্ভব নয়।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান গভর্নরের পারফরম্যান্স আগের যেকোনো সময়ের তুলনায় ভালো এবং আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগ না দেওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান রয়েছে।
এ সময় বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গভর্নরের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, কোনো দলকে সমর্থন করলেই কেউ দলীয় হয়ে যান না।
অধিবেশনের শেষ দিকে ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল-২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। তবে এ বিলসহ আলোচিত অন্যান্য বিল নিয়ে বিরোধী দলের আপত্তি ছিল এবং তারা আলোচনার জন্য সময় চাইলেও তা গ্রহণ করা হয়নি।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 




















