জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে রাজাকার-আলবদর প্রসঙ্গটি আর প্রাসঙ্গিক নয়। তার ভাষ্য, “আজকে আমরা যারা এখানে বসে আছি, তারা কেউই রাজাকার-আলবদর ছিলাম না।”
তিনি আরও বলেন, “যদি মুক্তিযোদ্ধা প্রসঙ্গে কথা বলা হয়, তাহলে আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’।” নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, তার বাড়ি সীমান্ত এলাকায় হওয়ায় মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ ভারতে যাওয়ার পথে তাদের বাড়িতে আশ্রয় নিতেন।
তাহের বলেন, তারা আশ্রয়প্রার্থীদের খাবার দিতেন এবং সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। টহল না থাকলে তারা লোকজনকে নিরাপদে সীমান্ত পার হয়ে যেতে সহায়তা করতেন।
তিনি দাবি করেন, এ ধরনের ভূমিকার কারণেই নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 




















