ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা একাডেমির ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা’ প্রকল্পের আওতায় পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক রওশন আরার সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ। সূচনা বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব (অতিরিক দায়িত্ব) সমীর কুমার সরকার এবং ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা একাডেমির প্রকল্প পরিচালক মো. কামাল উদ্দীন আহমেদ। এছাড়াও কনফারেন্স আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাসরিন আক্তার এবং অধ্যাপক ড. রশিদুজ্জামান।
কনফারেন্সে আগত অতিথিবৃন্দ বাংলা একাডেমির বিভিন্ন প্রকাশনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে পাণ্ডুলিপি আহবান করেন। এছাড়া বাংলা একাডেমিতে কোন কোন প্রক্রিয়ায় পাণ্ডুলিপি পাঠাতে হয় এবং পান্ডুলিপি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় গুলো সম্পর্কে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। এছাড়া বাংলা একাডেমির দেশব্যাপী পাণ্ডুলিপি সংগ্রহ কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এবং প্রাপ্ত পাণ্ডুলিপি গুলোর প্রকাশনা ও সংরক্ষণের ব্যাপারে বিভিন্ন উদ্যোগের কথাও জানান বাংলা একাডেমির প্রতিনিধিবৃন্দ।
এছাড়া কয়েক বছর আগে পাণ্ডুলিপি জমা দিয়েও পরবর্তীতে বাংলা একাডেমির কোন সাড়া না পাওয়া সহ শিক্ষকদের বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের জবাবে বাংলা একাডেমি সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা সমীর কুমার সরকার সবসময় কাছাকাছি ধরনের বই প্রকাশের দিকে না যেয়ে কিছুটা তথ্যবহুল এবং বৈচিত্র্যময় বই প্রকাশের ব্যাপারে আহবান জানান। এছাড়াও দীর্ঘদিন যাবত বাংলা একাডেমির প্রকাশনার ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকা সহ বিভিন্ন অসুবিধার কথা স্বীকার করে খুব দ্রুতই এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।
শু/সবা
ইবি প্রতিনিধি: 






















