“সিজনাল ফল উৎসবের মূল বার্তা হোক— স্বাস্থ্য, পুষ্টি ও প্রকৃতির বন্ধনে দেশীয় মৌসুমি ফলের জয় হোক।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের সনাতন সোসাইটি ফর কালচার এন্ড এডুকেশন এর উদ্যোগে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন ২০২৬) আয়োজিত এই উৎসবে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, উপদেষ্টা এবং ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ফল উৎসব শুধু দেশীয় মৌসুমি ফলের স্বাদ উপভোগের আয়োজন নয়; বরং দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ এবং কৃষকের পরিশ্রমের প্রতি সম্মান জানানোর একটি সুন্দর উদ্যোগ। একই সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার সচেতনতা সৃষ্টিও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উৎসবে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, কলা, তরমুজ, বরইসহ নানা দেশীয় মৌসুমি ফলের সমাহার ছিল। ভিটামিন, খনিজ, খাদ্যআঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এসব ফলের মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে উপস্থিতদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে ভক্তিমূলক কীর্তন পরিবেশনের পাশাপাশি ধর্মীয় আলোচনা, নৈতিক শিক্ষা ও জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করা হয়, যা পুরো আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।
এ সময় সরকারি তিতুমীর কলেজ মন্দিরের সাবেক ও বর্তমান উপদেষ্টারা মন্দিরের উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং ঐতিহ্য রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ফল উৎসবটি সরকারি তিতুমীর কলেজের সনাতনী শিক্ষার্থীদের এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে শিক্ষার্থীরা আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ পান।
সবশেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ ও বিভিন্ন মৌসুমি ফল বিতরণের মাধ্যমে আনন্দঘন পরিবেশে ফল উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
শু/সবা
অহনা পোদ্দার, তিতুমীর কলেজ ঢাকা 
























