বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রংপুর মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে যাচ্ছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী।
তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরে ১৯৬২ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা খন্দকার কে এ কুদ্দুস ছিলেন একজন রাজনীতিবিদ ও ইউপি চেয়ারম্যান।
শিক্ষাজীবনে তিনি আদিতমারীর দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে রংপুরে আসেন। রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং কারমাইকেল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে একই কলেজের দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অনার্সে অধ্যয়নকালেই তিনি রংপুর সরকারি আইন মহাবিদ্যালয় থেকে আইন শিক্ষা সম্পন্ন করেন।
বর্তমানে তিনি রংপুর স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে রেজেকা সুলতানা ফেন্সী কারমাইকেল কলেজে পড়াশোনার সময় জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। তিনি রংপুর শহর মহিলা দলের প্রথম সাধারণ সম্পাদক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি, রংপুর মহানগর মহিলা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।




















