ঝিনাইদহে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় দেশের ৯টি ক্যাডেট কলেজ অংশ নিচ্ছে। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুর ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।
এ সময় অংশগ্রহনকারী ক্যাডেট কলেজের প্রতিনিধি শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন সুধী জন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ ও মির্জাপুর ক্যাডেট কলেজ অংশ নিয়েছে।
দেশের নয়টি বয়েজ ক্যাডেট কলেজের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত হয় তিনটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে স্বাগতিক ঝিনাইদহ ক্যাডেট কলেজ ৩-২ গোলের ব্যবধানে রংপুর ক্যাডেট কলেজকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে বরিশাল ক্যাডেট কলেজ ৩-১ গোলের ব্যবধানে ফৌজদারহাট ক্যাডেট কলেজকে হারায়। দিনের তৃতীয় ম্যাচে সিলেট ক্যাডেট কলেজ ৩-০ গোলের ব্যবধানে কুমিল্লা ক্যাডেট কলেজকে পরাজিত করে।