পর্যটন নগরী কক্সবাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার লক্ষ্যে শৈবাল খাল খনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার শহরের শৈবাল খাল পরিচ্ছন্নতা ও খনন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না বলেন, "কক্সবাজার আন্তর্জাতিক মানের একটি পর্যটন শহর। কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং খাল নালা ভরাট হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়। শৈবাল খালটি শহরের অন্যতম প্রধান পানি নিষ্কাশন পথ। খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং বর্জ্যে ভরাট হয়ে থাকায় এর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল।"
তিনি আরও বলেন, "জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং পর্যটন শহরের রূপ-সৌন্দর্য বজায় রাখতে বিএনপির এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সংস্কার উদ্যোগ। আমরা কেবল কথার রাজনীতিতে বিশ্বাসী নই, জনগণের পাশে থেকে তাদের মৌলিক সমস্যা সমাধানে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
শহরের অন্যান্য খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেও পর্যায়ক্রমে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।"
এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই শ্রমিকদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মাটি খনন কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি পুনরায় সংস্কার ও খনন করা হলে এলাকার পরিবেশ দূষণ কমার পাশাপাশি বর্ষা মৌসুমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটবে।