ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, দুপুর পর্যন্ত কোনো কেন্দ্রের ভোট স্থগিত বা বন্ধ হয়নি। সব কেন্দ্রেই ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।
সারাদেশে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন বাতিল করা হয়েছে।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন—এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)।
এবার ভোটাধিকার প্রয়োগ করছেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























