বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী জুন মাস থেকেই ঢাকা-টোকিও রুটে আবার ফ্লাইট চালু করা হবে। তিনি বলেন, আগে এই রুটটি লাভজনক হওয়া সত্ত্বেও বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে কেন বন্ধ করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এই রুট বন্ধ থাকার কারণ জানতে চান। পরে বিষয়টি পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে—ঢাকা থেকে টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালু করা হবে। প্রথমে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করা হলেও লাভজনকতা বিবেচনায় পর্যায়ক্রমে ফ্লাইট সংখ্যা বাড়ানো হতে পারে।
হজ ফ্লাইট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলমান রয়েছে এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।
বিমান বহর বাড়ানোর পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, নতুন বিমান কেনা ও লিজ নেওয়ার বিষয়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কয়েকটি বিমান লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বহর বাড়িয়ে ফ্লাইট পরিচালনা আরও লাভজনক করা যায়।
তিনি আরও বলেন, গত দুই মাসে কার্যক্রমে কিছুটা উন্নতি হয়েছে এবং বিমানকে লোকসানমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ চলছে। ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে লাভজনক অবস্থানে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি।
শু/সবা


























