সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার থেকেই লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবনিযুক্ত পিএসওকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। তিনি এর আগে ২৪ ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে সামরিক সচিব ও মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 























