নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক-২ ভবনের লিফটের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ৫ মার্চ ২০২৬ ) সকাল থেকে শিক্ষার্থীরা একাডেমিক-২ ভবনের সামনে জড়ো হয়ে ভবনের দুপাশের কেচি গেইটে তালা লাগিয়ে অবস্থান নেন। এতে ভবনে প্রবেশ কার্যত বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, একাডেমিক-২ ভবনের লিফট সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। এ বিষয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হলেও এখনো কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। ফলে প্রতিদিন ক্লাস ও একাডেমিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
কৃষি বিভাগের শিক্ষার্থী আকরাম খান বলেন, “একাডেমিক-২ ভবনটি দশতলা হওয়ায় লিফট ছাড়া উপরের তলাগুলোতে ওঠানামা করা খুবই কষ্টসাধ্য। বিশেষ করে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম তলায় যাদের নিয়মিত ক্লাস থাকে তাদের প্রতিদিন অনেক ভোগান্তি পোহাতে হয়। আমরা বারবার প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, কিন্তু এখনো কোনো কার্যকর সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই আমরা এই কর্মসূচি পালন করছি।”
কৃষি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ বলেন, “আমাদের বিভাগ একাডেমিক–২ ভবনের ১০ তলায়। আমরা প্রায়ই লিফটে ওঠার সময় দেখি লিফট নষ্ট। ১০ তলায় বিভাগ হওয়ায় বাধ্য হয়েই আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হয়। গতকাল লিফট নষ্ট থাকায় আমাদের একটি ক্লাস মিস হয়েছে। আজও সকাল ৮টার ক্লাসে আসার সময় দেখি লিফট আগের মতোই নষ্ট।
তিনি আরও বলেন, “এই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা প্রশাসনিক ভবনে গিয়ে ভিসি ও প্রো–ভিসি স্যারের সঙ্গে দেখা করতে চাই। এদিকে কিছু শিক্ষার্থী একাডেমিক ভবনের গেইটে তালা লাগিয়ে অবস্থান নেয়। তারা দাবি করেন, প্রশাসন এসে সরেজমিনে বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং স্থায়ী সমাধানের আশ্বাস দেবে। কিন্তু আমরা গিয়ে দেখি সেখানে কেউ নেই। পরে প্রক্টর স্যার আসেন। তবে শিক্ষার্থীরা বলেন, ভিসি ও প্রো–ভিসি স্যার না আসা পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেছেন, “আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পূর্ণভাবে সচেতন। লিফটের কোনো রকম সমস্যা যাতে না হয়, সেজন্য আমরা ঢাকায় যোগাযোগ করেছি। প্রয়োজনে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এনে এই সমস্যার পূর্ণ সমাধান নিশ্চিত করা হবে। আমরা আশ্বস্ত করছি, আগামী ঈদের বন্ধের মধ্যে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হবে।”
বিশ্ববিদ্যালয় আশ্বাসে ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। দ্রুত লিফট মেরামত করে স্থায়ী সমাধানের দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
শু/সবা
নোবিপ্রবি প্রতিনিধি: 

























