ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ইরানের রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, লিখিত ওই বার্তায় তিনি হিজবুল্লাহ নেতাদের সততা, দৃঢ়তা ও ধৈর্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।
বার্তায় খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা আলি খামেনির নিহত হওয়ার ঘটনায় সহানুভূতি জানানোর জন্য কাসেমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হিজবুল্লাহ যোদ্ধাদের ভালোবাসা ও আনুগত্য প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অবিচল অবস্থান নেওয়াই প্রয়াত নেতার অন্যতম বৈশিষ্ট্য ছিল। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, হিজবুল্লাহ এখন একটি সংকটময় সময়ে নেতৃত্ব পাচ্ছে এবং এই সময়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খামেনি হিজবুল্লাহর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তারা জায়নবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে লেবাননের জনগণের মর্যাদা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।
গত ৮ মার্চ ইরানের বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো তিনি হিজবুল্লাহর নেতৃত্ব ও যোদ্ধাদের সংগ্রাম, বীরত্ব ও আত্মত্যাগের প্রশংসা করলেন।
এই বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন আবারও স্পষ্ট হলো।
সূত্র: আল জাজিরা
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























