কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আইন-শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের মধ্যে এখন এ ধারণা তৈরি হয়েছে যে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়কার অপরাধ পরিস্থিতিকেও বর্তমান সময় ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা যাবে এবং বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—তা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য হতে হবে এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে উপজেলা পরিষদের হলরুমে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং সড়ক প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 




















