রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে লিমন মিয়া (যুবক) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সাঁতার না জানলেও বাবার জীবন রক্ষায় নদীতে ঝাঁপ দেন।
রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিমনের বাবা গোফফার আলী নদী পার হয়ে জমিতে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝপথে তিনি প্রবল স্রোতে ডুবে যান এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। সেই সময় তীরে থাকা ছেলে লিমন সাঁতার না জানলেও বাবাকে বাঁচাতে দ্রুত নদীতে ঝাঁপ দেন।
কিন্তু স্রোতের টানে বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই ডুবে যান। পরে স্থানীয়রা লিমনকে উদ্ধার করে মৃত অবস্থায় পান। তার বাবাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, লিমন ছিলেন পরিবারের একমাত্র সন্তান এবং সম্প্রতি তিনি বিয়ে করেছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর ব্যুরো: 






















