বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, বিএনপির অনেক নেতাকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের পর বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করছেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব-এর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে আয়োজিত এনসিপিতে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন, অর্থ ও শ্রম দিয়েছেন এবং কারাবরণও করেছেন। কিন্তু বর্তমানে দলটি তার মূল লক্ষ্য ও অবস্থান থেকে সরে গেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকারে যাওয়ার পর বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে এবং শহীদদের রক্তের লক্ষ্য থেকে দলটি দূরে সরে যাচ্ছে। তার ভাষায়, “নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে তারা অনেক দূরে।”
অনুষ্ঠানে অন্য বক্তারা বিএনপির বিরুদ্ধে আরও সমালোচনামূলক বক্তব্য দেন। এর মধ্যে ইসহাক সরকার বলেন, বিএনপি জুলাই আন্দোলনের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে এবং পরে সেই আন্দোলনের লক্ষ্য থেকে সরে গেছে।
তিনি আরও সতর্ক করে বলেন, রাজনৈতিক বিশ্বাসঘাতকতার পরিণতি ভবিষ্যতে ভিন্ন হতে পারে, তাই রাজনৈতিক অবস্থান নিয়ে সবাইকে ভাবতে হবে।
অনুষ্ঠানে এনসিপি নেতারা দাবি করেন, বিএনপির কিছু নেতাকর্মী নীরবে তাদের দলে যোগ দিতে আগ্রহী হলেও সামাজিক কারণে তা প্রকাশ করতে পারছেন না।
সবুজ বাংলা অনলাইন 






















