জাতীয় নাগরিক পার্টি-র ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী যোগ দিয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটর-এ দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, “আজ আমরা ৩৫ জন নেতার নাম ঘোষণা করছি। তাদের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করছেন।”
অনুষ্ঠানে নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন আরিফুল ইসলাম আদীব। এ সময় উপস্থিত ছিলেন শাহরীন ইরা, রাফিদ এম ভুইয়া, আব্দুল্লাহ আল মনসুরসহ কেন্দ্রীয় নেতারা।
যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের সাবেক নেতা নাকিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে অনুষ্ঠানে রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় একশ পোশাকশ্রমিকও শিগগিরই এনসিপিতে যোগ দেবেন এবং তারা দলটির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 






















