ভারত সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সফরের অংশ হিসেবে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা-র বিশাল অপরিশোধিত তেলের মজুদকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাও গুরুত্ব পায়।
গত জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা হারানোর পর থেকে দেশটির নেতৃত্ব দিচ্ছেন ডেলসি রদ্রিগেজ। বৈঠকের আগে নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউস-এর সামনে দুই নেতা করমর্দন করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন, এই আলোচনা দুই দেশের সম্পর্ক ও সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
রদ্রিগেজের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা থেকে আরও বেশি অপরিশোধিত তেল আমদানির দিকে ঝুঁকছে।
ভারতে পৌঁছে ডেলসি রদ্রিগেজ আশা প্রকাশ করেন, তার এই সফর অত্যন্ত ফলপ্রসূ হবে। তিনি বলেন, দুই দেশের মধ্যে এমন বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হবে, যা ভেনেজুয়েলার জনগণের জরুরি প্রয়োজন পূরণে সহায়তা করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেবে।
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























