বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। রোববার (২৮ জুন) চলতি জুন মাসের শেষ চালানটি ডিপোতে এসে পৌঁছায়।
ডিপো সূত্র জানায়, এ চালানের জন্য গত ২৬ জুন ভারতের নুমালীগড় ফুয়েল টার্মিনাল থেকে ডিজেল পাম্পিং শুরু করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই তা পার্বতীপুর ডিপোতে পৌঁছে।
পার্বতীপুর ওয়েল ডিপোতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মে মাসে দুই দফায় মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। এছাড়া গত ৭ এপ্রিল নুমালীগড় থেকে পাম্পিং শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ সম্পন্ন হয়।
বাংলাদেশ-ভারত জ্বালানি সহযোগিতা চুক্তির আওতায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নুমালীগড় রিফাইনারি থেকে নিয়মিতভাবে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে।
ডিপো সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে তিন দফায় মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। এরপর ২১ মে প্রথম চালানে আরও ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পৌঁছানো ৭ হাজার মেট্রিক টন ডিজেলের চালানটি চলতি জুন মাসের সর্বশেষ চালান। নিয়মিত আমদানির এ কার্যক্রম দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শু/সবা
রংপুর ব্যুরো: 























