দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধির পেছনে অপরাধের সংখ্যা নয়, বরং অভিযোগ দায়েরের সুযোগ ও স্বচ্ছতা বৃদ্ধিই অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে বিচারপ্রার্থী নারী ও শিশুরা কোনো সামাজিক বা রাজনৈতিক বাধা ছাড়াই থানায় কিংবা অনলাইনে সহজে জিডি ও এফআইআর করতে পারছেন। ফলে আগে যেসব ঘটনা নথিভুক্ত হতো না, এখন সেগুলোও সরকারি পরিসংখ্যানে যুক্ত হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে সামাজিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক ধর্ষণের ঘটনা থানায় মামলা হিসেবে নথিভুক্ত হতো না। বর্তমান সরকারের সময়ে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং এখন অপরাধের তথ্য গোপনের সুযোগ নেই। তাই ধর্ষণের পরিসংখ্যান বৃদ্ধি পাওয়াকে নেতিবাচকভাবে না দেখে আইনি প্রক্রিয়া ও অপরাধ নথিভুক্তকরণের স্বচ্ছতার প্রতিফলন হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের যেখানেই নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, পুলিশ তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় খুন, ডাকাতিসহ অধিকাংশ অপরাধের সূচকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, আগামী অর্থবছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা।
তিনি সংসদে জানান, মার্চ ও এপ্রিল—এই দুই মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ, ২ হাজার ২১৪টি চুরি, ১২৯টি পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের মামলা নথিভুক্ত হয়েছে। এছাড়া দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটছে বলেও উল্লেখ করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, এমন আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিপুল বাজেট প্রস্তাব করা হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই মুগ্ধ হয়ে শোনেন, কিন্তু তাঁর সেই দক্ষতার প্রতিফলন যদি মন্ত্রণালয়ের কার্যক্রমেও দেখা যেত, তাহলে এ ধরনের ছাঁটাই প্রস্তাব আনার প্রয়োজন হতো না।
শু/সবা
স্টাফ রিপোর্টার: 





















