জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের দাবির ওপর আনা সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দল। সংসদের মূল্যবান সময় সাশ্রয়ের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা এ সিদ্ধান্তের কথা জানান।
মঙ্গলবার (৩০ জুন) বাজেট অধিবেশনের বিকেলের অধিবেশনে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার সময় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের অনুমতি নিয়ে সব ছাঁটাই প্রস্তাব একযোগে প্রত্যাহারের প্রস্তাব দেন। পরে সংসদে তা গৃহীত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দেওয়া হলেও সেগুলো গৃহীত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সংসদের মূল্যবান সময় বাঁচাতে সব প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করতে চান তারা।
তিনি বলেন, “মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি। কিন্তু কোনোটিই গৃহীত হতে দেখিনি। রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই আলোচনা ও প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু মূল্যবান সময় বাঁচানোর সুযোগ থাকলে আমরা আমাদের দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করে নিতে চাই। এতে সরকারি দলের কাজও সহজ হবে।”
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) জানান, ট্রেজারি বেঞ্চ বিষয়টি গ্রহণ করেছে। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী দাবি উত্থাপনের পর ছাঁটাই প্রস্তাবগুলো সরাসরি ভোটে দেওয়া হবে।
এরপর স্পিকার দাবি নম্বর ৩৪ উত্থাপনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক: 





















